খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়ায় গভীর রাতে ঘুমন্ত ব্যক্তিকে কুপিয়ে জখম

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩০ এ.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ায় গভির রাতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাগুরাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। জখম মতিয়ার রহমান মোড়ল (৪০), উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত গহর আলী মোড়লের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মতিয়ার মোড়লের বাড়ি নির্মাণ কাজ চলমান থাকায় তিনি ছোট দু’টো ঝুপড়ী ঘর তৈরি করে স্ত্রী সন্তানকে নিয়ে রাত যাপন করেন। এক ঘরে তিনি নিজে থাকেন এবং অন্যটায় তার স্ত্রী ও মেয়ে থাকে। শনিবার রাতে তিনি অন্যান্য রাতের ন্যায় ঘুমিয়ে ছিলেন। এমতাবস্থায় রাত ৩টার দিকে কে বা কারা তার ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় আচমকা হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। আচমকা হামলায় তিনি একবার চিৎকার করে তার স্ত্রীকে ডাক দেন। এ সময় তার স্ত্রী ও মেয়ে  এসে তাকে উদ্ধার করে গুরুতর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত মতিয়ারের মাথায় ১টি, পিঠে ২টি ও হাতে ১টি কোপ দেওয়া  হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনও থানায় কোন অভিযোগ করা হয়নি। তবে ঘটনা জানার পর মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির এএসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিন্তু ঘটনার সঠিক কোনো কারণ জানা যায়নি। অভিযোগ পেলে সঠিক কারণ উদঘাটন সহ হামলাকারীদের আটকের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত মতিয়ার রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ