খুলনা | মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

খুলনায় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অভিযুক্ত রিফাত গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:২০ পি.এম | ২২ সেপ্টেম্বর ২০২৬

 

খুলনার হরিণটানা থানার চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মোঃ হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ২টার দিকে পিরোজপুর জেলার নেছারাবাদ থানাধীন কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিফাত সিরাজগঞ্জ সদর থানার গুনেরগাতি এলাকার মনোয়ার হোসেনের ছেলে।

এসআরবি সূত্র জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারসহ অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে এসআরবি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ দল নেছারাবাদে অভিযান পরিচালনা করে আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করে।

এসআরবি-৬-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত ওই ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত রিফাতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ