খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

উত্তাল সাগরে টিকতে না পেরে জেলেদের সুন্দরবনসহ উপকূলে আশ্রয়

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে জেলেদের ফিশিংবোটবহর সুন্দরবনসহ উপকূলে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। সমুদ্রে তিন নম্বর সতর্ক সংকেত জারী আছে।
শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েকশ’ ফিশিংবোট  রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটা উপকূলসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে আছে। কিছু বোট এখনো ফিরে আসছে।
শরণখোলা রাজৈর মৎস্যঘাটের আড়ৎদার কবীর হোসেন বলেন, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় ফিশিংবোটবহর সাগরে না গিয়ে দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে। 
সাগর সংলগ্ন দুবলার মেহেরআলী লাইট হাউসের কর্মী সবুজ হাওলাদার মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে জানান, সাগর খুবই উত্তাল। ঝড়ো হাওয়ার সাথে থেমে থেমে প্রবল ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে ফিশিংবোটসমূহ উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কয়েকটি বোট সুন্দরবনের মেহেরআলী খালে নিরাপদ আশ্রয়ে রয়েছে বলে সবুজ হাওলাদার জানান।
বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটবহর উপকূলের দিকে ছুটে আসছে।
জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগরে কোন ফিশিংবোট নেই। প্রবল ঝড়ো বাতাসের সাথে দুবলারচর অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ