খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রারসহ ৩ জন আটক

খবর প্রতিবেদন |
০২:১৬ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন পাহাড়তলী সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও অফিসের উমেদার রূপন দাশ। এসব তথ্য জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তাঁর মক্কেলের দু’টি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। দলিলে কোনো ত্র“টি না থাকলেও রেজিস্ট্রির কাজ আটকে রাখেন সাবরেজিস্ট্রার। পরে দলিল দু’টি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য সাবরেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দুই লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করা হয়। এই অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ লিখিত অভিযোগ দেন তিনি।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে চট্টগ্রামের পাহাড়তলী সাবরেজিস্ট্রি কার্যালয়ে ফাঁদ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাবরেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে হাতেনাতে আটক করা হয়। দুদক জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে কমিশনের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ মামলা করার প্রস্তুতি চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট

আরও সংবাদ