খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৭ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন

ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ, দোকানেও যাওয়া যাবে না

খবর প্রতিবেদন |
০২:১৮ এ.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলা সত্তে¡ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছোট বহর নিয়ে তিনি মঙ্গলবার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে নিউইয়র্কে ইরানি প্রেসিডেন্ট ও তার প্রতিনিধিদের কঠোর বিধিনিষেধের মধ্যে থাকতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। 
সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের প্রতিনিধিরা তাদের ম্যানহাটনের হোটেল থেকে জাতিসংঘের সদরদপ্তরে যেতে পারবেন। কিন্তু তারা অন্য দেশগুলোর প্রতিনিধিদের মতো অবাধে ঘোরাফেরা করতে পারবেন না। যেতে পারবেন না পার্কে। এমনকি অনুমতি ছাড়া তারা কোনো দোকানে যেতে পারবেন না এবং বিলাসী পণ্যও কিনতে পারবেন না।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২০২৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের প্রতিনিধের ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তাদের শুধুমাত্র বিমানবন্দর থেকে মিলিনিয়াম হিল্টন হোটেল আর জাতিসংঘের দপ্তরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ২০১৩ সাল থেকে এই হোটেলেই থাকছেন ইরানিরা।
ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামীকাল বুধবার জাতিসংঘে নিজের ভাষণ দেবেন পেজেশকিয়ান। এছাড়া তিনি যুক্তরাষ্ট ও ইউরোপের বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার সাথেও বৈঠক করতে পারেন। এর পাশাপাশি অন্যান্য সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার বৈঠক হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার পরও ইরানিদের জাতিসংঘে আসাকে নজিরবিহীন হিসেবে অভিহিত করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র এর আগে যখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেছে তখন তাদের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র সফর করার খুব বেশি নজির নেই। তবে জাতিসংঘের আইন অনুযায়ী, পৃথিবীর সব দেশের প্রতিনিধিদের জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ দিতে বাধ্য যুক্তরাষ্ট্র।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

প্রিন্ট

আরও সংবাদ