খুলনা | বুধবার | ২৩ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

খুলনায় ৪শ’ পরিবারের মাঝে মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০৫:১৬ পি.এম | ২৩ সেপ্টেম্বর ২০২৬


জেলায় ডেঙ্গু এড়াতে ৪শ’ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) আলাদা দুটি অনুষ্ঠানে দরিদ্র মানুষের মধ্যে এ মশারি বিতরণ করা হয়।

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের সহযোগিতায় আজ সকালে নগরীর ২৭নং ওয়ার্ড অফিসে ৩শ’ পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে সড়ক সংলগ্ন বড় বড় ড্রেনগুলিতে মশার উপস্থিতি নেই বললেই চলে। এখন বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন করতে পারলে ডেঙ্গু জ¦রের প্রকোপ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক প্রধানমন্ত্রী ঘোষিত ৩ মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, সাবেক কাউন্সিলর মো. শমসের আলী মিন্টু ও মাজেদা খাতুন, সমাজসেবক মহিবুল্লাহ শামীম, শীতলা বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুজিত সাহা ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা অমিত কান্তি ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাস্থ্যসেবা ও মানবিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ‘হাসিমুখ ফাউন্ডেশনের’ উদ্যোগে দুপুরে নগরীর দৌলতপুরস্থ শহিদ জিয়া কলেজ অডিটরিয়ামে ১শ’ দরিদ্র পরিবারের মাঝে এ মশারি বিতরণ করা হয়।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, কেসিসি কর্তৃক নগরীর ৮টি রেড জোনে ৮টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে। প্রয়োজনে মেডিকেল কলেজ হাসপাতালের উম্মুক্ত জায়গায় বৃহৎ পরিসরে মেডিকেল ক্যাম্প স্থাপনসহ ভ্রাম্যমাণ চিকিৎসা টীম গঠনেরও পরিকল্পনা নেয়া হচ্ছে।

‘হাসিমুখ ফাউন্ডেশনে’র সভাপতি সৈয়দ নওসুদুজ্জামান পল্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ জিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, সমাজসেবক প্রকৌশলী শাহীর হোসেন জাম্বু, দারুল হুদা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আবুল কাশেম, ২ নং ওয়ার্ডের নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক চমন আক্তার প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সঞ্চিতা দে।

প্রিন্ট

আরও সংবাদ