খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

গাছে ঝুলছিল ১১ ফুট লম্বা অজগর উদ্ধারের পর বনেই অবমুক্ত

কয়রা প্রতিনিধি |
১২:৫১ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনার কয়রায় লোকালয়ে ঢুকে পড়া প্রায় ১১ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে নিরাপদে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের আবু বকরের বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীদের জানান।
খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে। এ সময়  বন বিভাগের সদস্য, ভিটিআরটি ও সিপিজি সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ সাজমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অজগর সাপটি কাশিয়াবাদ স্টেশনের সামনে সুন্দরবনের বুষ্টুমখালী খালের বাওনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দিলে নিরাপদে তা উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রিন্ট

আরও সংবাদ