খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

বটিয়াঘাটায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে পুলিশ সুপার

মাদক ও বেকারত্বের কারণে অপরাধ প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:৫২ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেছেন, মাদক ও বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। হয় মাদক নতুবা পুলিশ থাকবে। তিনি বলেন সমাজ থেকেই অপরাধীর জন্ম হয়। সমাজ ও এলাকা থেকেই অপরাধ সংঘটিত হয়। সমাজকে সুশৃঙ্খলভাবে ধরে রাখতে গেলে গ্রাম, মহল্লা ও সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। অন্যথায় পুলিশের একার পক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সম্ভব না। এলাকার মানুষ সচেতন থাকলে কোন এলাকার অপরাধী ত্রাস হয়ে উঠতে পারে না। পরিশেষে সকল অপরাধের দ্বায় নিয়ে সর্বশেষ পুলিশকেই মোকাবিলা করতে হয়। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে এটা পরিবারের দেখ-ভালের দায়িত্ব। তারপর সমাজের, এরপর রাষ্ট্রের। পুলিশ রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিধান করবে এটাই স্বাভাবিক। কিন্তু পরিবার ও সমাজ এর দ্বায় এড়াতে পারেনা। তাই পুলিশের পাশাপাশি সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার বিকেল ৪টায় বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মোঃ শরীফুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, থানা হেডঃ পাইঃ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার ও কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, বিএনপি নেতা পলাশ মহলদার, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পূজা উদযাপন পরিষদের নেতা অলোক মল্লি­কসহ থানার এসআই, এএসআই ও পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল করা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রিন্ট

আরও সংবাদ