খুলনা | বৃহস্পতিবার | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩

শিশুদের প্রতি সংহিংসতা প্রতিরোধে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী |
০২:২৪ এ.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশে শিশু ও নারীদের প্রতি সহিংসতা এবং ক্ষতিকর আচরণ প্রতিরোধ শীর্ষক প্রকল্প (পিভিএইচপি)’র আওতায় শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দ্বিতীয় বৈশি^ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন প্রস্তুতিকল্পে বিভাগীয় পরামর্শ সভা বুধবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি বলেন, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ আমাদের নৈতিক দায়িত্ব। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় বৈশি^ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের পূর্বে এ ধরণের প্রস্তুতিমূলক সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সভায় যে কৌশলগুলো উঠে এসেছে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা শিশুদের জন্য সহিংসতামুক্ত পরিবেশ গড়ে তুলতে পারবো।
পরামর্শ সভায় স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। সভায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ শেখ মোঃ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, ইউনিসেফ চিফ চাইল্ড প্রটেকশন সেকশন মিজ নেহা নাইডু, খুলনা বিশ^বিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. সেলিনা আহমেদ প্রমুখ বক্তৃতা করেন। প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ খুলনার চিফ মোঃ কাওসার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা।
প্রবন্ধে জানানো হয়, দ্বিতীয় বৈশি^ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ১৮-১৯ নভেম্বর, ২০২৬ তারিখে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হবে। প্রতিবছর বিশ^জুড়ে এক বিলিয়ন শিশু কোন না কোন ধরনের সহিংসতার শিকার হয়। শিশুদের প্রতি সহিংসতার মধ্যে রয়েছে সহিংস আচরণ, বুলিং যৌন সহিংসতা, বাল্যবিবাহ, শিশুশ্রম, অবহেলা, শোষণ এবং অনলাইন নির্যাতন। বাংলাদেশের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী ৮৬ শতাংশ শিশু পরিবারে শারীরিক বা মানসিক সহিংসতার শিকার হয়। প্রতি দুইজন কন্যাশিশুর একজন (৪৭.৬ শতাংশ) ১৮ বছরের পূর্বেই বাল্য বা শিশু বিয়ের শিকার হয়। ৯.২ শতাংশ শিশু শিশুশ্রমের সাথে যুক্ত হয় যা প্রায়শই ঝুঁকিপূর্ণ। প্রতি সপ্তাহে প্রায় ২০ জন শিশু গুরুতর সহিংসতার কারণে মৃত্যুবরণ করে। প্রতি বছর প্রায় ১৪ হাজার ২৬৯ শিশু পানিতে ডুবে মারা যায় এবং একবছরের কম বয়সী শিশুদের মধ্যে জন্মনিবন্ধনের হার ৫৯ শতাংশ। খুলনা বিভাগের ৮৪.৩ শতাংশ শিশু পরিবারে শারীরিক বা মানসিক সহিংসতার শিকার, বাল্যবিবাহের হার ৫৫.৬ শতাংশ, ৯.৮ শতাংশ শিশুশ্রমে নিয়োজিত, একবছরের কম বয়সী শিশুদের মধ্যে জন্মনিবন্ধনের হার ৫৭.৩ শতাংশ এবং প্রতিবছর প্রায় এক হাজার ৪২ জন শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
পরামর্শ সভায় বিভাগীয় পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষক, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও শিশু-কিশোররা অংশ নেন। ইউনিসেফের সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রিন্ট

আরও সংবাদ