খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

আহছানউল্লাহ্ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান মনা

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০৩:৪২ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬

 

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, জীবন গঠনে কলেজের ভূমিকা অপরিসীম। স্কুলের নির্দিষ্ট গণ্ডির পর কলেজ বিশাল সম্ভাবনার জগৎ। উচ্চশিক্ষা কেবল কিছু বই মুখস্থ করে ভালো ফলাফল অর্জনের নাম নয়; বরং এটি হলো নিজেকে একজন সত্যিকারের মানবিক, সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ। জানতে হবে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরীর আহছানউল্লাহ্ কলেজে একাদশ শ্রেণি’র ‘ওরিয়েন্টশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কেডিএ চেয়ারম্যান বলেন, গেল ১৭ বছর জাতির সামনে একজন মাত্র ব্যক্তির ইতিহাস জবরদস্তি করে চাপিয়ে দেয়া হয়েছিল। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বীরউত্তম’কে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল; কিন্তু তারা সফল হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে তারা আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। জনগনের ভোটে নির্বাচিত সরকার প্রধান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বদরবারে সমাদৃত। বাংলাদেশের এই অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী শক্তি নানামুখী ষড়যন্ত্র করছে; আজকের তরুণ প্রজন্মকেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ যাবে কোন পথে? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী-সম্বৃদ্ধি ও অগ্রযাত্রার পথে নাকি ভোটবিহীন ফ্যাসিবাদী গণহত্যাকারীদের নিষিদ্ধ রাজনৈতিক অপশক্তির পুনরুত্থানের পথে?

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা আরও বলেন, আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রাখা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মাধ্যমে মেধার পূর্ণ বিকাশ ঘটাতে হবে।

অভিভাবক ও শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরা যেনো সঠিক দিকনির্দেশনা পায় এবং কুসংস্কার কিংবা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে নিজেদের দেশ ও দশের কল্যাণে নিয়োজিত করতে পারে, সে বিষয়ে সকলের যৌথ ও সজাগ দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ সর্বদা শিক্ষা, সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল, খাতা-কলম দিয়ে বরণ করে নেয়া হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে ওরিয়েন্টশন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতা করেন অত্র কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদোৎসাহী সদস্য আলি হাসান, মো. জাহাঙ্গীর আলম, কেএম আশরাফুল আলম নান্নু প্রমুখ। পরে কলেজ ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিভাগীয় শহর খুলনায় সুপ্রতিষ্ঠিত আহছানউল্লাহ্ কলেজটি জাতীয়করণের দাবি তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।।

প্রিন্ট

আরও সংবাদ