খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |
০৪:০২ পি.এম | ২৪ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলিসহ রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়েছে।

যশোর থেকে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশের বাড়িতে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নগরীর লবণচরা থানা ও  সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড়ের মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ী পলাশের ২২ নং বাড়ীতে খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালায়।

এ সময় যশোরের কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তিনটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক রিফাত তালুকদার যশোরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মো. ইদ্রিস তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া।

আরও অস্ত্র-গুলি উদ্ধার
এদিকে নগরের লবণচরা থানার জোড়া হত্যা মামলার আসামি আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের হরিণটানা এলাকার আল আকসা জামে মসজিদ গলির একটি পরিত্যক্ত রান্নাঘর থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, লবণচরার আশিবিঘা এলাকায় জোড়া হত্যা মামলায় সম্প্রতি আওয়ালকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কাছে অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতে পুলিশ আল আকসা জামে মসজিদ গলির আবদুল জালাল হাওলাদারের বাড়ির পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। সেখানে তুষের বস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

কেএমপির সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আওয়ালের দেখানো স্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ