খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

ভান্ডারিয়ায় ফেসবুক পোস্টের জের

প্রবাসীর বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনায় মামলা গ্রেফতার ১

ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


ফেসবুকে দেওয়া একটি পোস্টের জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় দুবাই প্রবাসী এক ব্যক্তির বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মোঃ আজম খান (৫০) দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। স¤প্রতি তিনি সেখান থেকে ফেসবুকে একটি পোস্ট দিলে তা নিয়ে এলাকায় বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে ওই রাতে স্থানীয় একদল লোক তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে আসবাব ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের খবরে ভান্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আজম খানের মা মোসাঃ মমতাজ বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর বাইরে অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেফতার করে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ