খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

মোল্লাহাটে হত্যা মামলার বাদীপক্ষের ওপর হামলা : আহত ২

মোল্লাহাট প্রতিনিধি |
১২:৪৪ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের মোল্লাহাটে চাঞ্চল্যকর ইউসুফ হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে ‘না-রাজি’ (আপত্তি) আবেদন দেওয়ায় বাদীপক্ষের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জয়ডেহি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে মামলার বাদী ও তার সহোদর গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মৃত ইদ্রিস শেখের ছেলে ও মামলার বাদী ইনছান শেখ (৪০) এবং তাঁর ভাই মোস্তাক শেখ (৫০)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গতকাল বহুল আলোচিত ইউসুফ হত্যা মামলার রায়ের দিন ধার্য ছিল। আদালত রায় ঘোষণার আগেই তা সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি দাবি করে অসন্তোষ প্রকাশ করেন মামলার বাদী ইনছান শেখ। রায় মেনে না নিয়ে তিনি আদালতে আনুষ্ঠানিকভাবে না-রাজি দেয়ার জন্য সময় প্রার্থনা করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, রায়ে না-রাজি দেওয়ায় প্রতিপক্ষ ও আসামি স্বজনদের একটি প্রভাবশালী গোষ্ঠী ক্ষিপ্ত হয়ে ওঠে। দুপুর ১টার দিকে ইনছান শেখ ও তাঁর ভাই মোস্তাক শেখ জয়ডেহি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা চালানো হয়।
আহতদের পরিবারের দাবি, মামলার আসামি রসিদ মোল্লা, বরকত মোল্লা, রনি শিকদার, নাসির মোল্লা, আমিনুর মোল্লা, আদম খাঁ, কানা বরকত ও স্থানীয় আসরাফ মেম্বারের নেতৃত্বে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একপর্যায়ে তাঁদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতদের স্বজনেরা। এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরদিকে অভিযুক্তদের পক্ষে মোঃ আব্দুস সোবহান ফকির বলেন, দীর্ঘদিন যাবত এই মামলাটি নিষ্পত্তি করার জন্য কয়েকদফা সালিশ বৈঠক করা হয়েছে। এক পর্যায়ে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু ধার্য তারিখের দিন বাদীপক্ষ আদালতের রায় না মেনে পিটিশন আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাদের ওপর হামলা করেছে বলে তিনি দাবি করেন। 
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ভুক্তভোগী সহোদর দুই ভাই পার্শ্ববর্তী গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট

আরও সংবাদ