খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবিতে ১৮ কুকুর হত্যা মামলা : জাকির মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দীর্ঘ ৪ বছর পর আদালতে আত্মসমর্পণ করে প্রধান নিরাপত্তা কর্মকর্তার জামিন লাভ

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৪৫ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সকালে সংঘটিত পৈশাচিক ১৮টি কুকুর হত্যা মামলার দীর্ঘ প্রতীক্ষিত শুনানিতে আদালতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলার অন্যতম অভিযুক্ত যবিপ্রবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সি আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিন নিয়েছেন। একই সাথে অপর অভিযুক্ত জাকির মিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর সকালে বিশ্ব জলাতঙ্ক দিবসের দিনেই যবিপ্রবি প্রাঙ্গণে অত্যন্ত নির্মমভাবে বিষ প্রয়োগ করে ১৮টি অবলা কুকুরকে হত্যা করা হয় এবং পরবর্তীতে সেগুলো মাটিচাপা দেওয়া হয়। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সে সময় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ হয়। ঘটনার পরপরই প্রাণী অধিকার সুরক্ষা সংগঠন ‘পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (প)’ ফাউন্ডেশনের (যশোর) সদস্য মোঃ সওগাত কামাল দ্বীপ বাদী হয়ে ২০২২ সালের ২৪ অক্টোবর আদালতে একটি নালিশি দরখাস্ত (সিআর মামলা নং-২১২৩/২২) দায়ের করেন। দন্ডবিধির ৪২৮/১০৯ ধারায় দায়ের করা এই মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আহসান হাবিব, স্টেট ও নিরাপত্তা শাখার কর্মকর্তা এস এম হাসান আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা মনিরুজ্জামান মুন্সি এবং কুকুর নিধনে সরাসরি চুক্তিবদ্ধ জাকির মিয়াকে আসামি করা হয়। তখন থেকেই পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (চঅড ঋড়ঁহফধঃরড়হ) এর সার্বিক আইনি সহায়তায় মামলাটি চলমান রয়েছে।
দীর্ঘ চার বছর আইনি লড়াই চলার পর গতকাল মামলার বাদী মোহাম্মদ সওগাত কামাল দ্বীপের সরাসরি উপস্থিতি এবং আদালতের আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে এই চাঞ্চল্যকর মামলার একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি হলো। আদালত সূত্রে জানা যায় মামলার অন্যতম অভিযুক্ত মনিরুজ্জামান মুন্সি আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। অন্যদিকে আদালতের নির্দেশ অমান্য করায় অপর অভিযুক্ত জাকির মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।
পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও বাদীপক্ষের আইনজীবী মাহমুদ হাসান বুলু আশা প্রকাশ করেছেন দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এই মামলার সঠিক বিচার সম্পন্ন হবে এবং যবিপ্রবির মতো একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত এই নিষ্ঠুর ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত প্রত্যেকেই উপযুক্ত শাস্তির মুখোমুখি হবেন।

প্রিন্ট

আরও সংবাদ