খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

বাগেরহাটে ক্যাথলিক চার্চে ভাঙচুর পুকুর থেকে মূর্তি উদ্ধার : গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৪৭ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেওয়ার মামলায় মোঃ ফায়জুল শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের তথ্য অনুযায়ী চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার  রাতে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গত বুধবার সকালে মোঃ ফায়জুল শেখ নামের ওই ব্যক্তি চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করে ক্ষতিসাধন করে। পরে ওই বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শংকর ব্রহ্ম বাদী হয়ে চিতলমারী থানায় মামলা করেন। 
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চার্চের পশ্চিম পাশের পুকুরে অভিযান চালিয়ে পানির মধ্য থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার মোঃ জামিলুর রহমান।
গ্রেফতার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের সোহরব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে এর আগে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধার করা মা মারিয়ার মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতার ফায়জুলকে রাতেই আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।

প্রিন্ট

আরও সংবাদ