খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩

খুলনায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান পিআইবি মহাপরিচালকের

খবর বিজ্ঞপ্তি |
০২:১১ এ.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর নবনিযুক্ত মহাপরিচালক, বিশিষ্ট কবি ও প্রথিতযশা সাংবাদিক ফারুক ওয়াসিফ-এর সাথে খুলনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকতার নীতি-নৈতিকতা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। 
বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিয়ম সভায় খুলনায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং পরিবর্তনের মূল হাতিয়ার। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে ও প্রযুক্তির এই যুগে বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বেড়েছে। অপসাংবাদিকতা রোধ এবং পেশাদারিত্ব টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।” তিনি আরও জানান, ঢাকার বাইরে মফস্বল ও বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি পর্যায়ক্রমে আরও আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে।
সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য সোহাগ দেওয়ান, আব্দুল্লাহ আল মামুন রুবেল, ডি এম রেজা সোহাগ ও মোঃ রাজু হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোঃ আনিসউদ্দিন, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, রামিম চৌধুরী, মোঃ  হেলাল মোল্লা, মোঃ খায়রুল আলম, মোঃ হাসানুর রহমান তানজির, নূরুল আমিন নূর ও মোঃ রাজু আহমেদ, ক্লাবের অস্থায়ী সদস্য ফকির শহিদুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।  
এর আগে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিশেষে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ খুলনা প্রেসক্লাবের লাইব্রেরির জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ছয়টি বই উপহার স্বরূপ প্রদান করেন। 

প্রিন্ট

আরও সংবাদ