খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

মেয়ের ফেসবুক পোস্ট ঘিরে বিরোধ, কৃষক বাবাকে পিটিয়ে হত্যা

খবর প্রতিবেদন |
০৬:৪৭ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


রাজবাড়ীর কালুখালীতে মেয়ের একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ। সেই বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলাম খান কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, হামলায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনাও আহত হয়েছেন।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের পরিবারের বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার সকাল ১০টার দিকে তারা বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

তাহমিনার ভাষ্য, হামলার সময় ইট ও লাঠি দিয়ে পরিবারের সদস্যদের মারধর করা হয়। একপর্যায়ে তার বাবা নজরুল ইসলাম খান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার মা জহুরা বেগম ও বোন রুনাও আহত হন।

খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

প্রিন্ট

আরও সংবাদ