খুলনা | শুক্রবার | ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

সাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ৮ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি |
০৬:৫১ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে টানা ৫ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানায়।

কোস্ট গার্ড জানায়, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে ৮ জন জেলে নিয়ে একটি ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর থেকেই বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সাগরে ভাসতে থাকে।

টানা পাঁচ দিন পর, গত ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি সহায়তা চান। খবর পেয়ে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন কোকিলমণির একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিকল হওয়া বোটসহ আট জেলেকে অক্ষত ও জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। বর্তমানে বোটসহ জেলেদের তাদের নিজ নিজ পরিবার ও মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট

আরও সংবাদ