খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৭ পি.এম | ২৫ সেপ্টেম্বর ২০২৬


“শিক্ষক হলেন সেই প্রদীপ, যিনি নিজে জ্বলে, অন্যের জীবনে জ্ঞানের আলো ছড়িয়ে দেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় ‘এ’ প্লাস  অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহŸান জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর ও সুখী সমৃদ্ধ দেশ গড়ার কাজে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকে এই মেধাবী শিক্ষার্থীদের দেখে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা পরীক্ষায় আরো ভালো ফলাফল করার চেষ্টা করবে। 
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সাতক্ষীরা শহর সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দীন প্রমুখ।
কৃতী শিক্ষার্থীদের অভিমত তুলে ধরেন মোঃ সিফাত উল্লাহ, যিনি মেধাতালিকায় যশোর বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছেন। অভিমত ব্যক্ত করেন মেধাবী শিক্ষার্থী আঁখি মনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক ও ইসলামী সংগীত পর্ব অনুষ্ঠিত হয়। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ