খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

কুয়েতের ক্রাউন প্রিন্স-প্রধানমন্ত্রীর বৈঠক, বাণিজ্য জোরদারের আহবান

খবর প্রতিবেদন |
১২:৫৫ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সবাহের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের সুদীর্ঘ সম্পর্কের কথা উলে­খ করে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের মাধ্যমে দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার যে মজবুত ভিত্তি তৈরি হয়েছিল, তা সময়ের সঙ্গে আরও সুদৃঢ় হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আহবান জানান তিনি।

বৈঠকে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় উভয় পক্ষ।

দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

প্রিন্ট

আরও সংবাদ