খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজের ছয় দিন পর নারীর মাটি চাপা মরদেহ উদ্ধার, আটক ১

খবর প্রতিবেদন |
০১:০১ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার (৩৪) নামের এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত এবং নুরুল আমীনের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড় থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নাজমা সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। আটক নুরুল আমীন উপজেলার নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নাজমা নিখোঁজ হন। এ ঘটনায় তার ছোট ভাই ২২ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তের একপর্যায়ে সন্দেহের ভিত্তিতে নুরুল আমীনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নদীর পাড় থেকে নাজমার মরদেহ উদ্ধার করা হয়। 
পুলিশের ভাষ্য, প্রায় ১৪ বছর আগে নাজমা ও নুরুল আমীনের বিয়ে হয়।তাদের দুই সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে একাধিকবার তাদের বিচ্ছেদ ও পুনরায় বিয়ে হয়। সর্বশেষ তারা আলাদা থাকছিলেন। ভরণপোষণের দাবিতে নাজমা তার সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন। পুলিশ আরো জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে ভরণপোষণের টাকা নিয়ে খাটপুড়া ব্রিজ এলাকায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে নাজমার বুকে আঘাত করে তাকে ফেলে দেওয়া হয়। পরে তাকে শ্মশানঘাট এলাকায় নিয়ে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশের কাছে নুরুল আমীন স্বীকার করেছেন। এরপর মরদেহ নদীর পাড়ে মাটিচাপা দেওয়া হয়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের জানান, নুরুল আমীনের দেখানো স্থান থেকে নাজমার ওড়না, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া চলমান।
 

প্রিন্ট

আরও সংবাদ