খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

কর্মবিরতিতে শিক্ষক-কর্মকর্তারা

নতুন ভিসির যোগদান প্রত্যাখ্যান করে চুয়েটে বিক্ষোভ

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যের যোগদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওই রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আহসানউল­াহ বলেন, ‘অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। তবে হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।
অপরদিকে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে শুক্রবার থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে চুয়েট কর্মকর্তা সমিতি। তবে জরুরিসেবা কার্যক্রম কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের যোগদান প্রত্যাখ্যান করে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। দুপুর ২টার দিকে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন উপাচার্যের যোগদানকে ঘিরে তাদের অবস্থান তুলে ধরেন এবং পরবর্তী কর্মসূচি হিসেবে দেয়াল লিখনের ঘোষণা দেন। মিছিলে অংশ নেওয়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম হোসেন সুজন বলেন, ‘গতকাল আমরা জেনেছি, উপাচার্য পদে অধ্যাপক শেখ শরীফুল আলম যোগদানপত্র পাঠিয়েছেন। এর প্রতিবাদেই আজ আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা কোনো ভাবেই অধ্যাপক শরীফুল আলমকে উপাচার্য হিসেবে চাই না।
’এর আগে বৃহস্পতিবার অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চুয়েট ক্যাম্পাসে উপস্থিত না হয়ে রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত যোগদানপত্র পাঠান। ওই পত্রে তিনি চুয়েটের উপাচার্য পদে যোগদানের বিষয়টি উলে­খ করেন।
উলে­খ্য, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। গত চার দিন ধরে শিক্ষার্থীরা উপাচার্যের পুনর্বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

প্রিন্ট

আরও সংবাদ