খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

সরকারের একটি অংশ আওয়ামী লীগকে ফেরানোর ইন্ধন দিচ্ছে : পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:০৯ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে সরকারের মন্ত্রী ও নেতাদের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। তিনি এ বিষয়ে প্রমাণ প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরে এসে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি অংশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকান্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচি কীভাবে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়ার সুযোগ পেল, সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
জামায়াতের এই নেতা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধ একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি এসব ঘটনায় করা মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার ও আসামি করার অভিযোগও তোলেন তিনি।
জ্বালানি খাতে ভর্তুকি ও লোকসানের যুক্তির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, রাষ্ট্র কোনো মুদিদোকান নয় যে শুধু লাভ-লোকসানের হিসাব করবে। রাষ্ট্র জনগণের সেবাম‚লক সাংবিধানিক প্রতিষ্ঠান। জনগণের খাজনা ও করের অর্থেই রাষ্ট্রের রাজস্ব আসে। পরওয়ার বলেন, ভর্তুকি দিতে হলে সরকার দেবে। কিন্তু ছয় মাসের মধ্যে তিনবার মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ বাড়ানো গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন, উৎপাদন, বিপণন, কৃষি, সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব পড়ে।
পলাতক শেখ হাসিনার ভারত থেকে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ দেশকে নিরাপত্তাহীন মনে করছে না। বরং শেখ হাসিনা বিদেশে অবস্থান করে যে রাজনৈতিক কর্মকান্ড চালাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে পরওয়ার বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখা উচিত। শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার মাধ্যমে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।
এর আগে সকালে শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজাসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ