খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ আশ্বিন ১৪৩৩

তেরখাদায় এমপি আজিজুল বারী হেলাল

শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও কর্মদক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে

রূপসা প্রতিনিধি |
০১:১১ এ.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, একটি দেশের টেকসই উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও মানবিক সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, প্রযুক্তিগত ও কর্মদক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে এবং সমাজের নেতৃত্ব দেবে। তিনি বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। একজন শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বা বাসস্থান যেন উচ্চশিক্ষার পথে বাধা না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। 
তিনি গতকাল শুক্রবার সকালে তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রি কলেজে ক্লাস উদ্বোধন, সংবর্ধনা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি কে এম আলী নেওয়াজ।
এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাকে দক্ষতা, প্রযুক্তি ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। কারিগরি ও ভোকেশনাল শিক্ষা, আইটি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং বাস্তব দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদান করার জায়গা নয়, এটি একটি প্রজন্ম তৈরির প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানের পাশাপাশি শিক্ষক, অবকাঠামো, প্রযুক্তি সুবিধা, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি মেয়ে শিক্ষিত হলে একটি পরিবার ও পরবর্তী প্রজন্মও আলোকিত হয়।
তিনি বলেন চিত্রা মহিলা ডিগ্রি কলেজকে তেরখাদার নারী শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও গবেষকসহ বিভিন্ন পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করবে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করে কলেজের শিক্ষার মান আরও উন্নত করতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে, প্রযুক্তির ভালো দিক কাজে লাগাতে হবে এবং নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তোমাদের সাফল্য শুধু পরিবারের নয়, তেরখাদা, খুলনা ও বাংলাদেশের সাফল্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  ড. এস এম সাজ্জাদ হোসেন, তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী ও তেরখাদা থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম। কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত বাছাড়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান। এ সময় রাখেন কলেজের সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ ও ছাত্রী সুমাইয়া বিনতে আরিফ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ