খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

খবর প্রতিবেদন |
০৫:২৩ পি.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬

 

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। একই সঙ্গে জাসদের কার্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।

পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।

বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকাল চারটার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে। সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকেসহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

তাৎক্ষণিক আটককৃতদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কারও বক্তব্য পাওয়া যায়নি।

আবু জাফর একজন সাংবাদিক আওয়ামীপন্থী সাংবাদিক। বিগত সময়ে তিনি আওয়ামীপন্থী সাংবাদিক ইউনিয়নের একজন নেতা ছিলেন। তার বিরুদ্ধে সাংবাদিক নেতার পরিচয়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়াও কার্ড বাণিজ্য এবং বিভিন্ন নামে পত্রিকা খুলে তার সরকারি রেজিস্ট্রেশন নিয়ে চড়া দামে বিক্রির অভিযোগ রয়েছে।

আবু জাফর সূর্য শেখ হাসিনার পলায়নের পরে কয়েক মাস গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি আবারো তিনি মিডিয়াপাড়ায় সক্রিয় হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার পক্ষে বয়ান তৈরির জন্য বিভিন্ন সময়ে তিনি স্ট্যাটাস দিয়েছেন।

প্রিন্ট

আরও সংবাদ