খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্পে জ্বালানি সংকট : প্রতিমন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:০৩ এ.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


ভুল সিদ্ধান্ত ও অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্পের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। তাঁর অভিযোগ, একের পর এক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও এসব কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি।
শনিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের আয়োজনে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আব্দুল বারী বলেন, ‘অনেকগুলো বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করা হয়েছে। কিন্তু সেগুলো চালানোর জন্য জ্বালানি কোথা থেকে আসবে, সেই ব্যবস্থা করা হয়নি। এর পাশাপাশি আরও একটি বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সেই প্রকল্পের বিদ্যুৎ এখনো জাতীয় গ্রিডে আনা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘এগুলো ছিল ফ্যাসিস্ট সরকারের অর্থ লুটপাটের পরিকল্পনার অংশ। তাদের ভুল সিদ্ধান্তের কারণে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। অন্তর্বতী সরকারও এসব বিষয় যথাযথভাবে দেখভাল করতে পারেনি।’
জ্বালানি সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের উৎস উলে­খ করে তিনি বলেন, সরকার জ্বালানি সরবরাহের উৎসে বৈচিত্র্য আনার চেষ্টা করছে। ব্রুনাই ও মালয়েশিয়া থেকেও জ্বালানি আনার সুযোগ রয়েছে। এসব বিষয় প্রধানমন্ত্রী পর্যালোচনা করছেন বলেও জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
দেশীয় জ্বালানি অনুসন্ধানের বিষয়ে তিনি বলেন, দেশের অভ্যন্তরে নতুন গ্যাস ও জ্বালানি উৎস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) কাজে লাগানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ক‚প খননের মাধ্যমে দেশীয় জ্বালানি সম্পদের সন্ধান ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আব্দুল বারী বলেন, ‘সব দিক থেকে প্রধানমন্ত্রী জ্বালানি সংকট দূর করার চেষ্টা করছেন। আমরা আশা করছি, অতি দ্রুত এ সংকট থেকে বেরিয়ে আসতে পারব।’
এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করা, জেলার আমশিল্পকে এগিয়ে নেওয়া এবং বরেন্দ্র অঞ্চলের পানি সংকট দূর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান। এর আগে প্রতিমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশীদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের পক্ষ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ হাজার ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ