খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে পর্যটন বাড়াতে পরিবেশবান্ধব উদ্যোগের আহবান প্রতিমন্ত্রীর

পর্যটন বনাম সংরক্ষণ নয় দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে সুন্দরবন রক্ষার তাগিদ

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


সুন্দরবনের পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার আহবান জানানো হয়েছে। পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ রোধ এবং সুন্দরবনের স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে দেশ-বিদেশে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
শুক্রবার ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (TOAS)-এর উদ্যোগে পর্যটকবাহী নৌযান এমভি এক্সপ্লোরার-২-এ আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। সভায় সভাপতিত্ব করেন বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), খুলনার উপ-পরিচালক মোঃ মাসুদ পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
মতবিনিময় সভায় ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবনের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোঃ আল আমিন লিটন, সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর-উল-আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য-২ গাজী সালাউদ্দীন বাবু। এছাড়া টোয়াস পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ সভায় অংশ নেন। সভাটি সঞ্চালনা করেন টোয়াসের কোষাধ্যক্ষ সাহেদ মোঃ ইমরান। মতবিনিময় সভায় সুন্দরবনের পর্যটন শিল্পের টেকসই বিকাশ, পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, প্লাস্টিক দূষণ প্রতিরোধ, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং দায়িত্বশীল ও পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন সম্পদ। সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে পর্যটন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব করে তুলতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবনের আকর্ষণ আরও ব্যাপকভাবে তুলে ধরার উদ্যোগ নিতে হবে। সভায় সুন্দরবনকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ, সমৃদ্ধ ও সুরক্ষিত রাখতে বন বিভাগ, পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, নৌযান মালিক, স্থানীয় জনগোষ্ঠী ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ