খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

অস্কার দৌড়ে বাংলাদেশের ‘রইদ’

খবর বিনোদন |
০২:৪৪ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপ‚র্ণ আসর ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের হয়ে লড়তে যাচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’র দীর্ঘ বিশ্লেষণ ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সিনেমাটিকে চ‚ড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ঘোষণা করা হয়। অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ও বিএফএফএস-এর সভাপতি ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে চ‚ড়ান্ত সিনেমা হিসেবে ‘রইদ’ চলচ্চিত্রের নাম প্রকাশ করেন।

কমিটি স‚ত্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়সীমা ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মোট ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলো হলো—রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, ন‚রুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব চাঁনখারপুল’।

পরবর্তীতে ‘মানুষের বাগান’ চলচ্চিত্রটি স্বেচ্ছায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে বাকি ৪টি চলচ্চিত্রের মধ্য থেকে নানা দিক বিবেচনা করে ‘রইদ’কে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ড. জহিরুল ইসলাম কচির নেতৃত্বে ৬ সদস্যের অস্কার বাংলাদেশ কমিটিতে অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, সাইয়্যিদ শাহজাদা আল কারীম এবং শাহরীন আক্তার সুমি। এই মনোনয়নের মধ্য দিয়ে সিনেমাটি বিশ্বমঞ্চে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও সাংস্কৃতিক পরিচয়ের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করবে এবং আন্তর্জাতিক দর্শকদের হৃদয় জয় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

প্রিন্ট

আরও সংবাদ