খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

গাজা যুদ্ধে ইসরায়েলের হাতে ২৬২ ফিলিস্তিনি সাংবাদিক নিহত: মিডিয়া অফিস

খবর প্রতিবেদন |
০৩:১৩ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬

 

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৬২ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। এ সময় আহত হয়েছেন আরও ৪৩৩ সাংবাদিক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ‘ফিলিস্তিনি সাংবাদিকদের সঙ্গে সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার সরকারি মিডিয়া অফিস।

বিবৃতিতে বলা হয়, নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন নারী সাংবাদিক রয়েছেন। এছাড়া যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ৫০ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে গ্রেফতার করেছে। বর্তমানে তাদের মধ্যে ২৩ জন বন্দী রয়েছেন বলে জানায় সংগঠনটি।

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, ইসরায়েলি হামলায় গণমাধ্যম খাতে ৮০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ১২টি প্রিন্ট মিডিয়া অফিস, ২৩টি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠানের কার্যালয়, ১২টি স্থানীয় রেডিও স্টেশন, ১৬টি টেলিভিশন ও স্যাটেলাইট চ্যানেল, ২৭টি ছাপাখানা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা পাঁচটি প্রতিষ্ঠানের কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

বিবৃতিতে ফিলিস্তিনি সাংবাদিকদের আইনি ও সরেজমিন সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস এবং ফেডারেশন অব আরব জার্নালিস্টসের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহŸান জানানো হয়।

মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত এবং ১ লাখ ৭৫ হাজার মানুষ আহত হয়েছেন। এছাড়া বেসামরিক অবকাঠামোর প্রায় ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়। এতে সাংবাদিকসহ আরও ১ হাজার ৪০৮ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৯১৬ জন আহত হয়েছেন বলে জানায় গাজার সরকারি মিডিয়া অফিস। 
সূত্র: মিডল ইস্ট মনিটর।

প্রিন্ট

আরও সংবাদ