খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

নতুন দায়িত্ব পেলেন নীলুফার ইয়াসমিন

খুলনার স্টার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী লুৎফরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক |
০২:২৮ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়ের বহুলালোচিত ও বিতর্কিত সহকারী শিক্ষক (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) গাজী লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে বিদ্যালয়ের পরবর্তী জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নীলুফার ইয়াসমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিজেএমসি প্রধান কার্যালয়ের স্মারক নং- ২৮.০৪.০০০০.২০০.৩০.১০২.২২-৫৪৩ (তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬) এবং স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দপ্তর আদেশের (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 
নথি সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের লক্ষ্যে পদ সৃজনের নিমিত্ত কাগজপত্র পর্যালোচনাকালে গাজী লুৎফর রহমানের পদোন্নতি ও নিয়োগ সংক্রান্ত জালিয়াতি সামনে আসে। বিজেএমসির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে আসে, গাজী লুৎফর রহমান ২০০১ সালে ১৬তম গ্রেডে বিদ্যালয়ের প্রাইমারি শাখায় জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। কিন্তু পরবর্তীতে বিজেএমসির বোর্ড সভা বা কর্তৃপক্ষের কোনো প্রকার অনুমোদন ছাড়াই কেবল মিলের একটি নোটশীটের মাধ্যমে ২০১০ সালে তাঁকে মাধ্যমিক শাখায় স্থানান্তর করে ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন-ভাতা উন্নীত করা হয়, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।
বিজেএমসি এবং স্টার জুট মিলস কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ এবং গাজী লুৎফর রহমানকে পদবী জালিয়াতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে মুক্ত করে বিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
স্টার জুট মিলের প্রকল্প প্রধান (জি এম) আবুল কালাম আজাদ এ প্রতিবেদককে বলেন, গাজী লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজেএমসির নির্দেশনা মোতাবেক অব্যাহতি দেওয়া হয় ও চিঠিতে আর কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। 

প্রিন্ট

আরও সংবাদ