খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে টাগবোট ‘টিয়াখালী-৪’

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৩ পি.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড ও শিপইয়ার্ডসমূহ দেশীয় প্রযুক্তি ও নিজস্ব সক্ষমতায় জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা শিল্পের অংশ হি‌সে‌বে পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) নির্মাণ করেছে এক‌টি টাগ বোট।

৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) লঞ্চিং করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মো. আব্দুল লতিফ।

এছাড়াও অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা শিপইয়ার্ড কর্তৃপক্ষ সু‌ত্রে জানা যায়, পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ০২টি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট ‘টিয়াখালী-৪’ নির্মিত হয়। Navnautic Private Limited, Singapore-এর নকশায় এবং আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১ হাজা‌ে১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩.৮ মাইল।

আধুনিক Z-Drive Propulsion System সংযোজিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং এবং জাহাজের দিক পরিবর্তন ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহৃত হবে। টাগবোটটির অন্যতম গুরুত্বপূর্ণ সক্ষমতা হলো এর আধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম। পাশাপাশি টাগবোটটি রেসকিউ অপারেশন, আন্ডার ওয়াটার সার্ভে ও স্যালভেজ কার্যক্রম ও প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচল এবং পাইলট পরিবহনের মতো বহুমুখী কাজেও এটি ব্যবহার করা যাবে।

‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পে আধুনিক প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দেশীয় দক্ষ জনবলের সমন্বয়ে উচ্চপ্রযুক্তিনির্ভর জাহাজ ও টাগবোট নির্মাণের ক্ষেত্রে আরও একটি মাইলফলক।

প্রিন্ট

আরও সংবাদ