খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভায় খুলনা জেলা প্রশাসক

দক্ষিণ এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান চতুর্থ

তথ্য বিবরণী |
০৪:৫৬ পি.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জনগণের সঠিক তথ্য প্রদান ও গ্রহনের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে চলেছে, যেখানে বর্তমানে দক্ষিণ এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ডিজিটাল যুগে অবাধ তথ্যপ্রবাহের সুবিধা থাকলেও, একই সাথে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন-এই তিন ধরনের তথ্য বিভ্রাট সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করছে। এই ডিজিটাল তথ্য বিভ্রাট রুখতে হলে নাগরিকদের তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট-চেক করার প্রবণতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা আনতে হবে। তাহলেই সঠিক তথ্য দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে সঠিক তথ্য গ্রহণ এবং গুজব প্রতিরোধে সম্মিলিত সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন সঠিক তথ্য প্রচারে প্রত্যেক দপ্তরকে নিজ নিজ ওয়েবসাইট হালনাগাদ করতে হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন। তথ্য অধিকার বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লাহ-আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুণ কুমার মন্ডল। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে খুলনা সার্কিট হাউজ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ