খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

কেশবপুর প্রতিনিধি |
০১:১৯ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


যশোরের কেশবপুরে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় পাওয়া যায়। এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল­া, বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকাÑমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ ছাড়া অনুমোদনবিহীন ভেজাল খাদ্যপণ্য বিনষ্ট করা হয়।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশু খাদ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার বলেন, অনুমোদনহীন ও মানহীন খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ ধরনের খাদ্যপণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ