খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

ভাঙচুর হওয়া রাড্ডা হাসপাতালে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের

খবর প্রতিবেদন |
০২:০৫ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুরের শিকার ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ পরিদর্শনে গিয়ে হাসপাতাল পুনর্নিমাণ ও জরুরি চিকিৎসাসেবা সচল রাখতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান।
সোমবার ক্ষতিগ্রস্ত হাসপাতাল প্রাঙ্গণ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ আর্থিক সহায়তার কথা ঘোষণা দেন।
ডাঃ শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রাথমিক সাহায্য হিসেবে ৫০ লাখ টাকা অনুদান দিচ্ছি। এটা শুরু, শেষ নয়। এলাকার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনে আরও সহায়তা প্রদান করা হবে, ইনশাআল­াহ।’
পরিদর্শনকালে জামায়াত আমির দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বাস্থ্য খাতের সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রাজধানী ঢাকায় দিনের আলোয় অস্ত্র হাতে বাড়ি দখল ও স্টুডিওতে হামলার মতো একের পর এক দুষ্কৃতিকারীদের অপকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয় তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ পাবে না। অপরাধী যেই হোক, তাকে কঠোর শাস্তি দিতে হবে। আমার দলের লোক হলেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
একইসঙ্গে অর্ধেকেরও কম জনবল নিয়ে চলা ভঙ্গুর স্বাস্থ্য খাতে ডাক্তার-নার্সদের লাঞ্ছনা বন্ধ করার আহবান জানিয়ে তিনি সরকারকে সবক্ষেত্রে মানবিক ও যৌক্তিক আচরণ করার তাগিদ দেন।
 

প্রিন্ট

আরও সংবাদ