খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

আশাশুনিতে পাউবো’র ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০২:১৮ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের তোড়ে সোমবার ভোরে পাউবো বিভাগ-২ এর অধীনে ৭/২ পোল্ডারের উক্ত স্থানে প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ভেড়িবাঁধ নদের গর্ভে ধসে পড়ে। এতে করে ভাঙন এলাকায় বসবাসকরি জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত বাঁধ মেরামতে ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, বাঁধ ভাঙনের খবর পেয়ে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি স্থানীয়দের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে মেরামত ও নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাঁধের ভাঙন পয়েন্ট স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে স্থানীয় জনসাধারণ। 
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের পানির চাপ ও নদীভাঙনের কারণে প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে ভেড়িবাঁধের ওই অংশটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি আশাশুনি এলাকার দায়িত্বে থাকা পাউবো বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলামকে জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এমনকি তিনি বিষয়টি সর্ম্পকে কোন দিন খোঁজ খবরও নেননি। যে কারণে বাঁধের ভাঙন ক্রমশঃ বৃদ্ধি পেতে থাকে। একপর্যায় সোমবার ভোরে পাউবো বিভাগ-২ এর অধীনে ৭/২ পোল্ডারের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে ভেড়িবাঁধ কপোতাক্ষ নদের গর্ভে ধসে পড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত ভাঙন পয়েন্টে মেরামতের স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে জোয়ারের পানির চাপে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এর আগেই নদী ভাঙনের কবলে পড়ে প্রতাপনগর ইউনিয়নের মানুষ দারুণভাবে ভোগান্তির শিকার হয়েছেন।
স্থানীয়দের দাবি, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙন কবলিত স্থানটি স্থায়ীভাবে সংস্কার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেন।
কুড়িকাহুনিয়া গ্রামের শফিকুল ইসলাম জানান, ভেড়িবাঁধে প্রাথমিকভাবে ভাঙন দেখা দিলে পাউবো কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করেন না। বাঁধ ভেঙে যাওয়ার পর তখন এসে জোড়াতালি দিয়ে কাজ শুরু করেন। জরুরি ভিত্তিতে মোট অংকের টাকা বাজেট দিয়ে ১০ শতাংশ হাতিয়ে নেন পাউবো কর্তৃপক্ষ। পাউবো বিভাগ-২ এর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম কমিশন ছাড়া কোন কাজই দেখাশুনা করেন না। ফলে পাউবো’র এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদরে গাফিলতির কারণে জনগণের দুর্ভোগ কখনো কমে না। আগে থেকেই ব্যবস্থা নিলে সরকারের মোটা অংকের টাকা সাশ্রয় হতো বলে মন্তব্য করেন তিনি। 
প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী জানান, আগে থেকেই শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভেড়িবাঁধ ঝুকিপূর্ন অবস্থায় ছিল। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এরই মধ্যে সোমবার ভোরে হঠাৎ করে বাঁধের প্রায় ১৫০ ফুট এলাকা জুড়ে কপোতাক্ষ নদে ধসে পড়ে। বিষয়টি জানার পর দ্রুত লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করি। ভাঙনের বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসবেন বলে জানিয়েছেন। 
তিনি আরো বলেন, দ্রুত ভাঙন পয়েন্টের ভেড়িবাঁধ মেরামত করা না গেলে কপোতাক্ষের প্রবণ জোয়ারের তোড়ে সম্পূর্ণ বাঁধ ভেঙে তার ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে। ফলে পানিতে তলিয়ে যাবে ফসলের ক্ষেত, চিংড়ি ঘের, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের অবকাঠামো। তিনি বাঁধ মেরামতে সকলের সহযোগিতা কামনা করেন। 
সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহমান তাযকিয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। বর্তমানে ভাঙন পয়েন্টের রিভার সাইডে জিও ব্যাগ ডাম্পিং ও ল্যান্ড সাইডে জিও টিউব দিয়ে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। আশা করা যাচ্ছে সন্ধ্যার আগে ভাঙন পেয়েন্টে মেরামতের কাজ শেষ করা যাবে। বাঁধের ভাঙন মেরামতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বলেন জানান তিনি। 
এদিকে ভেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এসময় দ্রুত ভাঙন পয়েন্টের বাঁধ মেরামতে পাউবো কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

প্রিন্ট

আরও সংবাদ