খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

নিরাপত্তাশঙ্কায় নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই

খবর প্রতিবেদন |
০২:৫৮ পি.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা (GPT-6.1 Astra) আপাতত বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। আজ মঙ্গলবার চ্যাটজিপিটি নির্মাণকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন এই এআই মডেলটি নিজে থেকেই ওয়েবসাইটে ব্রাউজ করা এবং অ্যাপ ব্যবহার করার মতো কাজ সম্পাদন করতে পারে। তবে এটি কোম্পানির নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন ওপেনএআই-এর সেফটি সিস্টেমস প্রধান সাচি জৈন।

মঙ্গলবার ওপেনএআই আরও কিছু ঘটনার বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। এসব ঘটনা গত জুনে ঘটলেও গত সপ্তাহ পর্যন্ত তা প্রকাশ্যে আনা হয়নি। ওই ঘটনাগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন ওয়েবসাইট ও সিস্টেমে অনুমতি ছাড়াই ওপেনএআইয়ের এআই মডেলগুলোর প্রবেশ।

এসব ঘটনা এবং অন্যান্য শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের মডেলগুলোর একই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা এআইয়ের ঝুঁকি নিয়ে সাম্প্রতিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।

ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান ও অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইসহ এআই খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরাও সংশ্লিষ্ট ঝুঁকির কথা উল্লেখ করে শিল্পখাতটির উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন।

ওপেনএআই-এর এই সিদ্ধান্তটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। নিরাপত্তাজনিত কারণে নতুন কোনো মডেল প্রকাশ থেকে সরে আসার ঘটনা বিরল।

সাচি জৈন জানান, মডেলটি ‘কাজের পরিধি ও অনুমোদনের মধ্যে থাকা এবং কী ধরনের কাজ করা হয়েছে, তা ব্যবহারকারীকে কীভাবে জানানো হবে’—এই দুই ক্ষেত্রে প্রত্যাশিত মান পূরণ করতে পারেনি।

তিনি বলেন, ‘আমাদের মডেল তৈরির প্রক্রিয়া যেন নিরাপদ হয় সে বিষয়টি নিশ্চিত করতে চাই। সেটি প্রতিষ্ঠানটির ভেতরে ব্যবহারের ক্ষেত্রেই হোক বা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার সময়ই হোক। তবে গ্রাহকদের কাছে কোনো কিছু হস্তান্তরের ক্ষেত্রে আমরা নিরাপত্তা ও নিখুঁত কার্যকারিতার ওপর সর্বোচ্চ জোর দিই।’

ওপেনএআইয়ের প্রধান বা ফ্ল্যাগশিপ জিপিটি-৬ অ্যাস্ট্রা এজেন্টিক মডেলটি সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হয়। জটিল যুক্তিনির্ভর কাজ এবং নিজে থেকে বিভিন্ন কাজ সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম এই মডেল। ওপেনএআই বলেছিল, এটি ‘বছরের পর বছর গবেষণা এবং বড় ধরনের বিনিয়োগের’ ফল।

মঙ্গলবার সান ফ্রান্সিসকোতে ওপেনএআই তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডেভডে (DevDay) আয়োজন করতে যাচ্ছে। সেখানে বেশ কিছু নতুন ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাস্ট্রার নতুন কোনো সংস্করণ তাতে থাকবে কি না তা এখনো স্পষ্ট নয়।

প্রযুক্তি জড়িয়ে একাধিক বিতর্কিত ঘটনার পর কোম্পানির নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি এখন তীব্র পর্যালোচনার মুখে পড়েছে।

প্রিন্ট

আরও সংবাদ