খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ, বিএনপির দুজন

খবর প্রতিবেদন |
০৩:০১ পি.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কার্যালয়ে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

বৈধ প্রার্থীদের তালিকায় বিএনপির দুজন রয়েছেন। তাঁরা হলেন ওবায়দুল­াহ্ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৯ অক্টোবর সকাল থেকে আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপি থেকে দুজনের মনোনয়ন বৈধ হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের মধ্যে দুজনের একজন মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

প্রিন্ট

আরও সংবাদ