খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার, চুক্তি অক্টোবরে

খবর প্রতিবেদন |
০৪:৩১ পি.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এয়ারবাসের উড়োজাহাজ কেনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা এয়ারবাস কিনছি, ১০টি কিনছি। ইনশাআল্লাহ, অক্টোবরে চুক্তি হয়ে যাবে।’

মন্ত্রী আরও জানান, এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। তবে নির্ধারিত সময়ে উড়োজাহাজ সরবরাহ পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এ কারণে বিকল্প বিভিন্ন উপায়ে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টিও সরকার বিবেচনা করছে।

বিমানের বহর আধুনিকায়নের অংশ হিসেবে এর আগে গত সপ্তাহে মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে এ চুক্তি সই হয়।

এর পরদিন মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বোয়িংয়ের সঙ্গে চুক্তির বিষয়টি তুলে ধরেন। ওই অনুষ্ঠানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন উড়োজাহাজ সংগ্রহের মাধ্যমে বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক রুটে কার্যক্রম বাড়ানোর লক্ষ্য রয়েছে সরকারের।

তবে নতুন উড়োজাহাজের সরবরাহ সময় নিয়ে অনিশ্চয়তার কারণে শুধু নির্মাতার কাছ থেকে উড়োজাহাজ কেনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে অন্যান্য সম্ভাব্য উপায়েও বহর বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

প্রিন্ট

আরও সংবাদ