খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ভারতে আধা-সামরিক বাহিনীর ক্যাম্পে সহকর্মীর গুলিতে নিহত ৪

খবর প্রতিবেদন |
১১:৫৬ পি.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬

 

ভারতের জম্মু-কাশ্মীরে দেশটির আধা-সামরিক বাহিনীর (সিআইএসএফ) এক কনস্টেবলের এলোপাতাড়ি গুলিতে বাহিনী একজন সহকারী কমান্ড্যান্ট ও একজন সাব-ইন্সপেক্টরসহ চারজন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৬টা ৪০ মিনিটে হিমাচল প্রদেশ সীমান্তবর্তী জম্মু-কাশ্মীরের কঠুয়া জেলার বাসোহলি এলাকার ‘সেবা-২ জলবিদ্যুৎ প্রকল্প’ ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সিআইএসএফ সদস্যদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে হেড কনস্টেবল অবদেশ কুমার সিং তার ইস্যুকৃত একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে চারজন গুলিবিদ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চারজনেরই মৃত্যু হয়। নিহতরা হলেন— সহকারী কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং অভিযুক্ত হেড কনস্টেবলকে আটক করে।

সিআইএসএফ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত সদস্যের কাছে প্রায় ১৫০ রাউন্ড গুলি ছিল।

প্রসঙ্গত, কঠুয়া এমন একটি অঞ্চল, যেখানে নিরাপত্তা পরিস্থিতি বরাবরই স্পর্শকাতর। সেই এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি সুরক্ষিত ক্যাম্পের ভেতর সহকর্মীর গুলিতে চার সদস্যের মৃত্যু ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে। প্রাথমিক প্রতিবেদনে সদস্যদের মধ্যে তর্ক-বিতর্কের কথা বলা হলেও, ঠিক কী নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

ইতোমধ্যেই আটক হেড কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছেন। 
সূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 

প্রিন্ট

আরও সংবাদ