খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

পাইকগাছা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছায় জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।
আদালত সূত্রে জানা যায়, নিয়মিত তদারকির অংশ হিসেবে বাঁকা বাজারের কয়েকটি ওষুধের দোকানে এই অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির সত্যতা পাওয়ায় চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়। এর মধ্যে একজনকে ৪ হাজার টাকা, আরেকজনকে ২ হাজার টাকা এবং অন্য দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় আদালতকে সার্বিক সহযোগিতা করেন খুলনা জেলা ঔষধ প্রশাসনের তত্ত¡াবধায়ক মোঃ সাদ্দাম হোসেন, এসিল্যান্ড কার্যালয়ের পেশকার মোঃ আনিসুর রহমান এবং পাইকগাছা থানা পুলিশের একটি টিম।
প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা রোধ করতে এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে পাইকগাছায় এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ