খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই

পাইকগাছায় ফ্রিজের সংযোগ খুলতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

পাইকগাছা প্রতিনিধি |
০১:১২ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছায় মর্মান্তিক এক দুর্ঘটনায় রহিমা বিবি (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মাত্র ১০ দিন আগে তার স্বামী মারা যাওয়ার পর এমন ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার তোকিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা বিবি ওই গ্রামের মৃত হোসেন সানার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে নিজ ঘরের ভেতরে একটি ফ্রিজের সংযোগ খুলতে যান রহিমা বিবি। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার শরীর নীলবর্ণ ধারণ করে। বিষয়টি টের পেয়ে তার ছোট মেয়ে সালমা বেগম তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরবর্তীতে আশপাশের লোকজন ছুটে এসে তাকে বাঁচানোর নানা চেষ্টা করলেও বিকেল ৪টার দিকে বসতঘরেই তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা জানান, রহিমা বিবির স্বামী হোসেন সানা মাত্র ১০ দিন আগে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। স্বামীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনা পরিবারটিকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। অল্প সময়ের ব্যবধানে বাবা-মা দু’জনেই মারা যাওয়ায় গভীর সংকটে পড়েছে তাদের পরিবার ও স্বজনরা।

প্রিন্ট

আরও সংবাদ