খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৬ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ইউনিসেফ ও কেসিসি যৌথভাবে এ সভার আয়োজন করে। মহানগরীর পরিবেশ সংরক্ষণের জন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সভায় উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন। 
সভায় মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের জন্য প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পত্র প্রেরণ এবং মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না তা তদারকির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের একজন, পরিবেশ অধিদপ্তরের একজন, খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স সমিতির একজন এবং খুলনা সিটি কর্পোরেশনের দুইজন প্রতিনিধির সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কেসিসি’র রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডে নবনির্মিত মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট দ্রুত চালু করার সিদ্ধান্তও নেয়া হয়। 
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ইউনিসেফ-এর ওয়াশ প্রোগ্রামের কর্মকর্তা নওশাদ আকরাম, পরামর্শক মোঃ আব্দুল আজিজসহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়োজিত বেসরকারি সংস্থা প্রদীপন ও সাদিচ্ছার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন। 
 

প্রিন্ট

আরও সংবাদ