খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদন্ড

চিতলমারীতে ডিবি পুলিশের অভিযানে ২২ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ

চিতলমারী প্রতিনিধি |
০৪:১৬ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


বাগেরহাটের জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) চিতলমারীতে অভিযান চালিয়ে ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার জব্দ করেছে। জব্দকৃত গ্যাস সিলিন্ডরের বাজার মূল্য ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মোড়ে অবস্থিত মের্সাস রোহা এন্টারপ্রাইজে বেআইনী ভাবে মজুত রাখা ও মেয়াদোত্তীর্ণ এ সব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার আরও বলেন, ‘মঙ্গলবার বিকেলে ডিবির ফোন পাওয়ার পর ঘটনাস্থলে যাই। ওখানে গিয়ে দেখতে পাই মের্সাস রোহা এন্টারপ্রাইজের মালিক মোঃ রিয়াদ মুন্সি লাইসেন্স অনুযায়ী ৪০টি গ্যাস সিলিন্ডার মজুদ রাখতে পারবেন। কিন্তু তিনি ২ হাজার ৪২টি গ্যাস সিলিন্ডার মজুদ রেখেছেন। যার মধ্যে ১৭৪টি পূর্ণ সিলিন্ডার এবং ১ হাজার ৮৬৮টি খালি। এতো মজুদ সিলিন্ডার রাখার সঠিক ব্যাখ্য তিনি আমাদের দিতে পারেননি। তাছাড়া জব্দকৃত অনেক সিলিন্ডারের ২০২২ ও ২০২৪ সালে মেয়াদ শেষ হয়েছে। এগুলো সরাসরি কোম্পানী থেকে আনার কথা। কিন্তু ওনারা বাইরে থেকে রিফিল করান। যার কারণে অতিরিক্ত মজুদ রাখা ও বেআইনী কাজ করার জন্য আমরা পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ২০(১) ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছি। তাছাড়া ৪০টি সিলিন্ডার বাদে বাকি সিলিন্ডার গুলো জব্দ করে থানায় আনা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, জব্দকৃত সিলিন্ডার গুলো ভোর রাত অব্দি থানায় এনে রাখা হয়েছে। সাজা পারোয়ানা মূলে প্রতিষ্ঠানটির মালিক মোঃ রিয়াদ মুন্সিকে জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।

অভিযান পরিচালনাকালে চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম আশরাফ, চিতলমারী থানার এস আই সুজয় ও চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ