খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

মরিয়মের পরিবারের সঙ্গে আপস

গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন

খবর প্রতিবেদন |
০৪:৪৩ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষের আপস মীমাংসা হয়েছে।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়।

শুনানিতে বাদী মো. মাসুম বিল্লাহ জানান, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের শর্তে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। শুনানিতে বাদী উপস্থিত থেকে দুই আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরে সংসদ সদস্যদের বাসভবন ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের (১৯) লাশ উদ্ধার করে পুলিশ।

সেদিন ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় এমপি নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। মামলা দায়েরের রাতেই পুলিশ এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে গ্রেফতার করে।

প্রিন্ট

আরও সংবাদ