খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

খবর প্রতিবেদন |
০৫:২১ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

দেশে হামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৯৪৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে দুজন খুলনায় চিকিৎসাধীন ছিল। অন্য তিনজনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৫ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৪৮ জনের মধ্যে ডিএনসিসি এলাকার হাসপাতালে ১৮৯ জন ও ডিএসসিসি এলাকার হাসপাতালে ২১০ জন ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩২০ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে—৩৪৩ জন। এ ছাড়া খুলনায় ২৪৮, রাজশাহীতে ২১১, বরিশালে ২১২, ময়মনসিংহে ১০২, রংপুরে ৯৯ ও সিলেটে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯ হাজার ৬২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৩ হাজার ৮৯০ জন।

প্রিন্ট

আরও সংবাদ