খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

বেনাপোল প্রতিনিধি |
০৫:৩৫ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, পন্য খালাস প্রক্রিয়া, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা ও ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে আসেন।

পরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ মানজারুল মান্নানের সভাপতিত্বে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা জোরদার, অভিগমন প্রক্রিয়া সহজীকরণ এবং বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্যের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজীব আহসান বলেন, এ বন্দরটি আমাদের দেশের অনেক পুরোনো এবং ঐতিহ্যবাহী একটি বন্দর। সারা দেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বহু বছর কাজ করে যাচ্ছে। এ বন্দরটা নিয়ে আমরা সব সময় সিরিয়াস। এ বন্দরে অনেক পুরনো শেড রয়েছে যা নতুন করে নির্মাণ করা হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। আমদানি রপ্তানিকারকরা যাতে তাদের মালামাল সুন্দরভাবে খালাস নিতে পারে তার সুব্যবস্থা করা হবে।

সভায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার এবং যাত্রীসেবা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ রুহুল আমিন, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান, বেনাপোল পোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদের সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান ও স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান বেনাপোল পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট ও ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বেনাপোল স্থলবন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন। এ সময় পন্য খালাস প্রক্রিয়া ও সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তারা যশোরের উদ্দেশ্যে রওনা হন।

প্রিন্ট

আরও সংবাদ