খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

হয়রানিমূলক মামলার অভিযোগে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক |
১১:৫৭ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


হয়রানিমূলক মামলা, হামলা, হুমকি ও ৩০ লাখ টাকা দাবির অভিযোগ তুলে খুলনায় সংবাদ সম্মেলন করেছেন মোঃ মনিরুজ্জামান। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, তার ছোট শ্যালক মোঃ আলমগীর হোসেন গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় টুটপাড়া কাজী অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তার স্ত্রী ফাতেমাতুজ জোহরাকে তালাক দেন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর ডাকযোগে এডি ফেরতসহ তালাকের নোটিশ পাঠানো হয়। এরপর থেকেই ফাতেমাতুজ জোহরা তার স্ত্রী হাসনা হেনাকে বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, গত ২৫ সেপ্টেম্বর ফাতেমাতুজ জোহরা বাদী হয়ে নারী নির্যাতনের মামলা দায়ের করেন। ওই মামলায় ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি ও তার স্ত্রী গ্রেফতার হন। তাদের গ্রেফতারের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ফাতেমাতুজ জোহরা, তার মা ও কয়েকজন স্বজনসহ অন্যরা তার শ্যালকের বাড়িতে তালা ভেঙে প্রবেশ এবং মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন মনিরুজ্জামান। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান অভিযোগ করেন, তার বড় শ্যালক মোঃ জাহাঙ্গীর হোসেন, যিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, তাকেও মামলায় জড়ানো হয়েছে। দুই শ্যালক সরকারি চাকুরিজীবী হওয়ায় তাদের চাকুরি চলে যাওয়ার ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি তাকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি এবং ৩০ লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মনিরুজ্জামান বলেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, হয়রানিমূলক মামলা, হামলা, হুমকি ও আর্থিক দাবির মতো ঘটনার বিষয়ে অনুসন্ধান করে প্রকৃত ঘটনা তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি। 

প্রিন্ট

আরও সংবাদ