খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

কেকেবিএইউতে সার্ভিস রুলস প্রণয়নের উদ্যোগ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনার আলোকে খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সার্ভিস রুল (চাকরি বিধিমালা) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আদেশে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ-কে সভাপতি করে ৬ সদস্যের একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
কমিটির অন্যান্য সদস্য হলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস এম খলিলুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, খুবি’র শিক্ষক প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। সার্ভিস রুল প্রণয়ন কমিটির প্রথম সভা গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও কার্যকর সার্ভিস রুল প্রণয়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়ে আসা, চাকরির ক্ষেত্রে সুনির্দিষ্ট বিধি-বিধান প্রণয়ন এবং সংশ্লিষ্টদের অধিকার ও দায়িত্ব সুস্পষ্ট করার বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়। এর ফলে একটি সুসংগঠিত ও কার্যকর কর্মপরিবেশ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সার্ভিস রুল প্রণয়নের এ উদ্যোগকে কেকেবিএইউর সা¤প্রতিক অগ্রযাত্রা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে চলতি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি স্বতন্ত্র বেতন-স্কেল অনুমোদিত হয়েছে, যা গত ১ জুলাই ২০২৬ খ্রিঃ থেকে কার্যকর হয়েছে। স্বতন্ত্র বেতন-স্কেল অনুমোদনের পর সার্ভিস রুল প্রণয়নের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোকে আরও সুসংহত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ