খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

সকলে একযোগে কাজ করলে ডেঙ্গু সংক্রমণ থেকে মুক্ত হওয়া সহজ হবে : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:১৫ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


একজন রাজনৈতিক কর্মী হিসেবে এ শহরের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে যে ধারণা তা হচ্ছে সকলে একযোগে কাজ করলে উদ্ভূত যে কোন সমস্যা সমাধান করা সহজ। ডেঙ্গু সংক্রমণ আমাদের জন্য তেমনই একটি সমস্যা। সকলে একযোগে কাজ করলে এ সংকট থেকে মুক্ত হওয়াও সহজ হবে। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বুধবার দুপুরে নগরীর গগন বাবু রোডস্থ সবুরণনেছা মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ‘‘সামাজিক অবক্ষয় রোধে শিক্ষক সমাজের করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজ কর্তৃপক্ষ এ আলোচনা সভার আয়োজন করে। 
সময়োপযোগী এ আয়োজনের জন্য তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর জোর দিয়েছেন। একই সাথে নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে পরিবারের যেমন দায়িত্ব রয়েছে তেমনি শিক্ষা প্রতিষ্ঠান এবং কেসিসি’রও দায়িত্ব আছে। সামাজিক অবক্ষয় রোধে কেসিসি এ বিষয়গুলি নিয়েও কাজ করছে। সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যাবে উল্লেখ করে তিনি সপ্তাহের প্রতি শনিবার শিক্ষাঙ্গণ পরিচ্ছন্ন করা এবং সুবিধামত সময়ে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন করার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। তাহলেই এই শহরও পরিচ্ছন্ন থাকবে। অনুষ্ঠানে তিনি লেখাপাড়ার মানোন্নয়ন এবং শিক্ষাঙ্গনে নিরাপদ ও শিক্ষামুখী পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। 
কলেজ পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর শেখ জালাল উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সবুরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, কেসিসি’র সাবেক কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন বনি ও সমাজসেবক ইউসুফ হারুন মজনু। স্বাগত বক্তৃতা করেন কলেজের অধ্যক্ষ মরিয়ম ছিদ্দিকা। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রিন্ট

আরও সংবাদ