খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩

শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন

খবর বিনোদন |
০৪:৩৫ পি.এম | ০১ অক্টোবর ২০২৬


বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক পর্বে অমিতাভকে দেখা গেছে চেনা রুটিন ভাঙতে। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মনোলগ দেওয়ার পরিবর্তে এবার আসনে বসেই পর্বের সূচনা করেন তিনি।

সাধারণত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রতিটি পর্বে মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের পরিচিত ভঙ্গিতে দর্শকদের সঙ্গে কথা বলেন অমিতাভ। কিন্তু এবার মঞ্চে প্রবেশ করেই দ্রুত নিজের আসনে বসে পড়েন ৮৩ বছর বয়সি এই অভিনেতা। তার এমন পরিবর্তন দেখে স্বাভাবিকভাবেই উপস্থিত দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়।

পরে বিষয়টি নিজেই পরিষ্কার করেন অমিতাভ। নিজের বাঁ হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি জানান, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান। সেই সময়ই হাঁটুতে চোট পান তিনি।

অমিতাভ জানান, চোটের কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কিছুটা অসুবিধা হচ্ছিল। তাই এবার বসেই অনুষ্ঠানের শুরুতে তার নিয়মিত মনোলগ করতে হয়েছে। তবে বিষয়টি নিয়ে দর্শকদের উদ্বিগ্ন না হওয়ারও পরামর্শ দেন তিনি। অভিনেতার ভাষ্য অনুযায়ী, চোট গুরুতর নয়।

তবে প্রতিযোগীদের সঙ্গে অনুষ্ঠানের স্বাভাবিক পর্ব চালিয়ে যেতে নিজের পেশাদারত্বে কোনো ঘাটতি রাখেননি অমিতাভ। তিনি জানান, প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় তিনি যথারীতি দাঁড়াবেন।

অমিতাভের এমন পরিস্থিতিতে স্টুডিওর দর্শকরাও উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এদিকে চোটের কথা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

তবে আপাতত অমিতাভ নিজেই জানিয়েছেন, চোট নিয়ে গুরুতর দুশ্চিন্তার কারণ নেই। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানের কাজ চালিয়ে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেতা।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রিন্ট

আরও সংবাদ